ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গৃহকর্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি, আটক গৃহকর্মী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৩, ২২ ডিসেম্বর ২০২১
গৃহকর্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি, আটক গৃহকর্মী
আদাবর থানা। ছবি : সংগৃহীত

ঘরের দুই গৃহকর্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালঙ্কার চুরির চেষ্টাকালে এক গৃহকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকার আদাবরের শেখেরটেকে একটি বাসার এ ঘটনা ঘটে।

আটক আমেনা বেগম (৪৫) ওই বাসায় মাত্র গত রোববার থেকে কাজ শুরু করেন। জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ওই বাসার নিচ থেকে হাতেনাতে তাকে আটক করেছে পুলিশ

আমেনাকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহিদুজ্জামান।

Advertisement

গণমাধ্যমে ওসি বলেন,  ‘অন্যের বাড়িতে কাজ করার নামে জিনিসপত্র চুরি করে পালিয়ে যাওয়াই ওই গৃহকর্মীর পেশা। তার কাছ থেকে তিনটি স্বর্ণের চুড়ি, একটি লকেটসহ গলার চেইন ও ঘুমের ওষুধ জব্দ করা হয়েছে।’

ঘটনার বর্ণনা দিয়ে শেখেরটেকের তিন নম্বর রোডের ওই বাড়ির গৃহকর্ত্রী রিফাতুল হকের ভাই কাজী সাজিদুল হক জানান, ‘সকালে কাজে এসে আমেনা গৃহকর্ত্রী রিফাতুলকে লেবুর শরবতের সঙ্গে এবং মাকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিলে দুইজনই দুর্বল হয়ে পড়েন। এর মধ্যেই আমেনা মায়ের হাতে সরিষার তেল মাখিয়ে স্বর্ণের চুড়ি এবং গলা থেকে লকেটসহ চেইন খুলে নেয়। পরেই ঘর থেকে বের হয়ে যায়।’

সাজিদুল আরো জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রিফাতুল তার স্বামী খান মারুফুল ইসলামকে ফোনে ঘটনা জানায়। মারুফুল দ্রুত বাড়ির দারোয়ানকে ফোন করে গেইট বন্ধ করতে বলে। এরপর আমেনা নিচে গেলে তাকে সেখানে আটকে রেখে ৯৯৯ এ কল করা হয়।

আমেনা গত রোববার থেকে তার বোনের বাসায় কাজ শুরু করে জানিয়ে তিনি বলেন, তাকে জাতীয় পরিচয়পত্র দেখানোর কথা বলা হলেও পরে দেখাবে বলে নানান অজুহাতে এড়িয়ে যায়।

ওসি শাহিদুজ্জামান জানান, আমেনা বেগমের বাসা যাত্রাবাড়ীতে হলেও বাড়ির সদস্যদের কাছে তিনি মোহাম্মদপুর বালুরমাঠ এলাকায় থাকেন বলে জানিয়েছিলেন। এ ঘটনায় আমেনার অন্য কোনো সহযোগী ছিল না। বাড়ির সদস্যদের সাহায্যে দ্রুত তার বিরুদ্ধে মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!