ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জামালগঞ্জের সেই বরখাস্ত মেয়রকে গ্রেফতারে অভিযানে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫, ২৩ ডিসেম্বর ২০২১
জামালগঞ্জের সেই বরখাস্ত মেয়রকে গ্রেফতারে অভিযানে র‌্যাব
সাময়িক বরখাস্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। ফাইল ছবি

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে সাময়িক বরখাস্ত হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করতে রাজধানীর একটি হোটেল ঘিরে রেখেছে র‌্যাব। 

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাকে গ্রেফতারে উত্তরার ৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ বৃহস্পতিবার সকাল থেকে ঘিরে রাখা হয়েছে। গ্রেফতারের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহকে চড় মারার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন শাহনেওয়াজ। দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সবার সামনেই এসব করেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছিলেন। মেয়র শাহনেওয়াজ শাহানশাহও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। 

উপস্থাপক শিক্ষা কর্মকর্তা মেহেরউল্লাহ মেয়রের নাম ৫ নম্বরে ডাকায় ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তার গালে চড় মারেন মেয়র। এ ঘটনায় ইউএনও বরাবর লিখিত অভিযোগ জানান শিক্ষা কর্মকর্তা। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!