শুক্রবার ভোরে রূপনগরের বেড়িবাঁধ এলাকা ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রূপনগর থানার বেড়িবাঁধ এলাকায় বালু বোঝাই ট্রাক ও কোকাকোলা কোম্পানির ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হন। নিহতরা হলেন- বালুর ট্রাকের চালক বাদল (৪৫) ও সহকারী রফিক (২২)। আহতরা হলেন- ফয়সাল (১৯), সেলিম (২৬)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা চলছে।
.png)
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চিকিৎসক দু্ইজনকে মৃত ঘোষণা করেছেন। তাদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত দুজনের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।
এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে স্বদেশ পরিবহনের একটি বাসচাপায় ফারুক মিয়া (৫৬) নামের সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। নিহত ফারুক হাজারীবাগ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার এসআই মহাসিন। তিনি জানান, সকাল আনুমানিক পৌনে ৮টায় রাস্তা পার হওয়ার সময় ফারুক মিয়া বাসচাপায় আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, স্থানীয়রা গাড়িটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। বাসটিকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।