ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রী বেশে উঠে বাইক চালককে হত্যা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৯:২৮, ৩০ জুন ২০২২
যাত্রী বেশে উঠে বাইক চালককে হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীতে গভীর রাতে যাত্রীবেশে পাঠাও বাইকে উঠে চালককে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইকারীর নাম কাওছার আহম্মেদ। তার বাড়ি মুন্সিগঞ্জ।

পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলাম জানান, গতকাল রাত ২টায় ৯৯৯ থেকে একটি ফোন আসে যে পল্লবীর সুলতান মোল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন আব্দুল লতিফ মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর একটি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে পরনে জিন্সের প্যান্ট, পাশে হেলমেট ও গলা কাটা অবস্থায় দেখে পুলিশ ধারণা করে মোটরসাইকেল চালককে হত্যা করা হয়েছে।

তাৎক্ষণিক সব থানায় ঘটনাটি জানিয়ে দেওয়া হয়। রাত আড়াইটায় সাভারের বিরুলিয়া পুলিশ ক্যাম্পের এসআই দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল থামার সংকেত দিলে সেটি না থেমে উল্টা ঘুরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

Advertisement

পারভেজ ইসলাম বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে কাওছার জানিয়েছে, ২৯ তারিখ রাত দেড়টার দিকে কালশী মোড় থেকে গাবতলী যাওয়ার জন্য দেড়শ টাকা ভাড়ায় একজন পাঠাও চালকের মোটরসাইকেলে ওঠে। মোটরসাইকেলটি আব্দুল লতিফ মিয়ার বাড়ির সামনে এলে সে থামাতে বলে। এরপর আগে থেকেই ব্যাগে রাখা এন্টি কাটার দিয়ে ভিকটিমের গলায় ঠেকিয়ে পোচ মারলে মোটরসাইকেলসহ চালক রাস্তার ওপর পড়ে যায়। তখন কাওছার মোটরসাইকেল ও তার মোবাইল নিয়ে বিরুলিয়া ব্রিজ দিয়ে সাভারের দিকে পালিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!