রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি
দেশের প্রায় সব জায়গায় তীব্র গরম। প্রচণ্ড এই গরমে সর্বত্র হাঁসফাঁস অবস্থা। এরই মধ্যে রাজধানীবাসীকে সামান্য স্বস্তি দিয়েছে শুক্রবার বিকেলের এক পশলা বৃষ্টি।
রাজধানীতে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। প্রেসক্লাব, সেগুনবাগিচা, গুলিস্তান, পুরান ঢাকা ও আগারগাঁওসহ বেশ কয়েক অঞ্চলের বৃষ্টি গরম থেকে সাময়িক স্বস্তি দেয়।
বিকেল ৫টার দিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগারগাঁও অঞ্চলে বৃষ্টিপাতের তথ্য পেয়েছি।। বৃহস্পতিবার রাত দশটার দিকেও রাজধানীতে হালকা বৃষ্টিপাত হয়েছে।
.png)
তবে তা তাপপ্রবাহ তেমনটা কমাতে পারেনি। শুক্রবার সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাজধানীতে তাপের পরিমাণ বাড়তে থাকে।
এদিন সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগরে দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।