ডেঙ্গুরোগীর তালিকা ধরে অভিযান চালাবে ডিএসসিসি
ডেঙ্গুরোগীর তালিকা অনুযায়ী বাড়ির আঙ্গিনা ও সংলগ্ন এলাকায় বিশেষ চিরুনি অভিযান চালাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রোববার ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মশক নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা ও তদারকির লক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম উদ্বোধন করে এ তথ্য জানান।
.png)
সম্প্রতি স্বাস্থ্য অধিদফতর থেকে ডেঙ্গু রোগীর তালিকা সরবরাহ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার নির্দেশনা দেন মেয়র।
সেই সঙ্গে ডেঙ্গুরোগীর বাড়ির ছাদ হতে আঙ্গিনা ও তৎসংলগ্ন এলাকায় বিশেষভাবে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম চালাতে বলেন তিনি।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সরাসরি নির্দেশিত এসব কার্যক্রম মনিটরিং করবেন বলে জানান মেয়র।
এ সময় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।