ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঈদের ছুটি কাটিয়ে ইডেন কলেজে ফেরা হলো না সালমার

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০৯:৩১, ২১ জুলাই ২০২২
ঈদের ছুটি কাটিয়ে ইডেন কলেজে ফেরা হলো না সালমার
সালমা আক্তার- ফাইল ফটো

ঈদের ছুটি শেষে ভোলা থেকে লঞ্চযোগে সদরঘাটে এসেছিলেন রাজধানীর ইডেন কলেজের শিক্ষার্থী সালমা আক্তার (২৪)। সেখান থেকে রিকশা নিয়ে কলেজের হোস্টেলের উদ্দেশ্যে রওনা করেছিলেন। তবে হোস্টেলে আর পৌঁছা হয়নি সালমার। 

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে রিকশা উল্টে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ইডেন কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন সালমা।  

Advertisement

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় সালমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচতো ভাই মো. হাসান জানান, ঈদের ছুটি শেষে ভোলা থেকে লঞ্চযোগে এসে সদরঘাটে আমরা নামি। পরে একটি রিকশা করে ইডেন কলেজের হোস্টেলে আসার পথে পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় হঠাৎ সেটি উল্টে যায়। এতে রিকশা থেকে সড়কে পড়ে সালমা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সালমা ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে। পড়ালেখার কারণে তিনি ইডেন কলেজের রাজিয়া বেগম ছাত্রী নিবাসে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!