শাহজালালে এককেজি সোনাসহ যাত্রী আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এককেজি ২১৬ গ্রাম সোনাসহ মো. শাহ আলম নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।
সোমবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর থেকে আসেন ঐ যাত্রী। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে আসেন শাহ আলম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে সোনা আছে কিনা জানতে চায় কাস্টম। তবে তিনি অস্বীকার করেন। তখন কর্তব্যরত কাস্টমস কর্মকর্তা তাকে চ্যালেঞ্জ করে তার ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতর সোনা পাওয়া যায়। পরে রেড চ্যানেলের ব্যাগেজ কাউন্টারে তার ব্যাগ তল্লাশি করে এককেজি ২১৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৭টি সোনার বারসহ স্বর্ণালংকার।
.png)
রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আটক শাহ আলমের গ্রামের বাড়ি ফেনী জেলায়। আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইন ও অন্যান্য আইনে ব্যবস্থা নেয়া হবে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে বিমানবন্দর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।