[ রাজধানী ]
নিউ মার্কেটে শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ-জরিমানা
দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের যৌথ নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ছবি: সংগৃহীত
ঢাকা নিউ মার্কেটের ভেতরে শতাধিক অস্থায়ী অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ সময় অবৈধভাবে দোকান নির্মাণে ১০ দোকানকে মামলার মাধ্যমে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২ ধারার ৭ ও ৮ উপধারায় এই জরিমানা আদায় করা হয়।
অভিযান প্রসঙ্গে মো. মুনিরুজ্জামান বলেন, মার্কেটে আসা ক্রেতারা যেন নির্বিঘ্নে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যে মেয়র মহোদয়ের নির্দেশনায় ঢাকা নিউ মার্কেটের অভ্যন্তরে বিদ্যমান ফুটপাত, বারান্দা ও কমন প্লেসে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
এছাড়া নতুন করে অবৈধ আর কোনো দোকানপাট নির্মাণ ও প্রতিষ্ঠা না করতে এ সময় মাইকিং করা এবং নতুন করে দোকান স্থাপন করা হলে উচ্ছেদসহ প্রয়োজনীয় জরিমানা আরোপ করার সতর্কবার্তা দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!