মঙ্গলবার দিনগত রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাব্বি রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার বাসিন্দা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসাদগেট এলাকায় ছুরিকাঘাতে আহত দুজনের মধ্যে রাব্বি মারা গেছেন। আহত অন্যজন শঙ্কামুক্ত। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
.png)
এর আগে, মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাস থামিয়ে দুই তরুণকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আহত হন মো. রাব্বি হোসেন (২২) ও মো. শাওন হোসেন (২০)।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে রাব্বির মৃত্যু হয়।
আহতদের সহকর্মী শাহরিয়ার জানান, তারা ২০-২৫ জন একটি অনুষ্ঠান থেকে বিকাশ পরিবহনে করে আজিমপুরের দিকে ফিরছিলেন। সবাই একটি প্রতিষ্ঠানে কর্মরত। তাদের সঙ্গে অনেক নারী কর্মীও ছিলেন।
তিনি আরো জানান, বাসটি আসাদগেট এলাকায় পৌঁছালে সেখানে থাকা কয়েকজন তরুণ-যুবক নারী যাত্রীদের উত্ত্যক্ত করে। বাস থামিয়ে তারা এর প্রতিবাদ করেন। এ সময় ঐ দুর্বৃত্তরা গাড়িতে উঠে রাব্বি ও শাওনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।