ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসপাতালে যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৫, ১৪ জানুয়ারি ২০২৩
অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসপাতালে যুবক
ফাইল ফটো

রাজধানীর জনপদের মোড় থেকে অচেতন অবস্থায় মোহাম্মদ হৃদয় (৩৪) নামে এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে ভর্তি করা হয়। তিনি বাসের ভেতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

হৃদয়কে হাসপাতালে নিয়ে যান ‘জিএমই ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে রাজধানীর তোপখানা রোডের মেডিকেলে যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আলি হোসেন।

তিনি জানান, হৃদয় ‘জিএমই ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড’র বিক্রয়প্রতিনিধি হিসেবে কাজ করেন। মালামাল নিয়ে নরসিংদী যান হৃদয়। সেখান থেকে ফেরার পথে বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন তিনি। 

আলি হোসেন জানান, হৃদয়কে অজ্ঞান করে তার সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ও তার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোনটি হাতিয়ে নেয়া হয়েছে। পরবর্তীতে তার সঙ্গে থাকা এনালগ আরেকটি ফোনের মাধ্যমে খবর পেয়ে বিকেলে জনপদ মোড়ে রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, হৃদয়ের স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!