শুক্রবার মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। স্টেশন থেকে যাত্রীদের লাইন বিমান জাদুঘর ছাড়িয়ে যেতে দেখা যায়।
মেট্রোরেলে ভ্রমণ করতে আসা বেশিরভাগই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। দীর্ঘ সারিতে থাকাদের মধ্যে কেউ ব্যক্তিগত কাজ মেট্রোরেলে চড়তে এসেছেন- এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি।
.png)
রাজধানীর উত্তরা থেকে মেট্রোরেলে চড়তে এসেছেন আল আমিন নামের একজন যাত্রী। সঙ্গে নিয়ে এসেছেন স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
আল আমিন বলেন, সাপ্তাহিক ছুটির দিন থাকায় পরিবার-পরিজন নিয়ে মেট্রোরেলে ঘুরতে এসেছি। গত শুক্রবারও এসেছিলাম, আজকেও এসেছি। নতুন চালু হওয়ায় সবাই মেট্রোতে চড়তে বেশ উপভোগ করছেন।
এদিকে শুক্রবারের মতো শনিবারও (১৪ জানুয়ারি) আগারগাঁও স্টেশনে ভিড় দেখা যায়। এদিন যাত্রীদের চাপ সামলাতে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয় স্টেশনের মূল ফটক।
এসময় ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, মেট্রোরেল স্টেশনের ভেতরে অসংখ্য যাত্রী অপেক্ষমাণ। এজন্য চাপ সামলাতে আগেই ফটক বন্ধ করে দেওয়া হয়।
এদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার তুরাগ তীরে মুসল্লিদের ঢল অব্যাহত রয়েছে। ফজরের নামাজের পর থেকে ইজতেমা মাঠে বয়ান শুরু হয়। ইজতেমার প্রভাব পড়েছে মেট্রোরেলেও। অনেকে আগারগাঁও থেকে মেট্রোরেলে চড়ে উত্তরার তৃতীয় ফেইজ হয়ে তুরাগে যাচ্ছেন।