ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এনেক্সকো টাওয়ারের আগুন নিয়ে যা জানাল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১২, ৫ এপ্রিল ২০২৩
এনেক্সকো টাওয়ারের আগুন নিয়ে যা জানাল ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, রাজধানীর বঙ্গবাজারের এনেক্সকো টাওয়ারের প্রতিটি দোকানেই নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত পণ্য মজুত ছিল। এ কারণে আগুন স্থায়ীভাবে নেভাতে সময় লাগছে। তবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের সার্বিক অবস্থা এবং ফায়ার সার্ভিসের বর্তমান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, গতকাল (মঙ্গলবার) সারাদিন, সারারাত পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখতে কাজ করেছেন। এখনো কাজ করছেন। তবে দোকানগুলোতে অতিরিক্ত পণ্য মজুতের কারণে ফায়ার সার্ভিস কর্মীদের অভিযানে বেশ বেগ পেতে হচ্ছে। তারা আগুনের উৎসের কাছাকাছি যেতে পারছেন না। এজন্য কিছুটা সময় লাগছে এবং মাঝেমধ্যেই ধোঁয়া দেখা যাচ্ছে।

Advertisement

তিনি বলেন, মূলত এই ভবনে মালামাল মজুতের ক্ষেত্রে যেসব নিয়ম-নীতি মানা প্রয়োজন ছিল, সেটি মানা হয়নি। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আগুন বাড়তে দিচ্ছি না।

ফায়ার সার্ভিসের আহত আট কর্মীর সবশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এদের দুজনের অবস্থা আশঙ্কাজনক; বাকি ৬ জনই শঙ্কামুক্ত।

তিনি বলেন, মানুষের ছোড়া ইট-পাটকেলের আঘাতে একজন কণ্ঠনালীতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যিনি এখনো শঙ্কামুক্ত নন। এটি অত্যন্ত পীড়াদায়ক। আপনাদের কাজ করতে গিয়ে আমরা আহত হচ্ছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়টি খেয়াল রাখতে হবে।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এখনো ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে পানি স্বল্পতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে ১৪টি পাম্প সেট করে পানি আনতে হয়েছে। এছাড়া আর অন্য কোথাও থেকে পানি আনা সম্ভব হয়নি।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর সোয়া ৬টার দিকে। একে একে ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও। সবার চেষ্টায় বঙ্গবাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!