বৃহস্পতিবার সরেজমিনে রাজধানীর কয়েকটি বিক্রয়কেন্দ্র ঘুরে দেখা গেছে, দেশীয় কোম্পানির পাশাপাশি বৈশ্বিক বহুজাতিক ব্র্যান্ডের খেজুর মিলছে এসব বিক্রয়কেন্দ্রে। পরিবেশনার ধরনভেদে এসব খেজুরের কেজিপ্রতি দাম ৪৫ হাজার টাকাও হতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশীয় কোম্পানির মধ্যে নাসা গ্রুপের প্রতিষ্ঠান মদিনা ডেটস অ্যান্ড ফ্রুটস ২০১৯ সাল থেকে খেজুরের ব্যবসায় যুক্ত হয়েছে। রাজধানীতে শুরুতে পাইকারি বিক্রি করলেও চলতি বছর থেকে নিজস্ব শোরুম বা বিক্রয়কেন্দ্রের মাধ্যমে খুচরা পর্যায়েও কোম্পানিটি বিক্রি শুরু করেছে।
.png)
নাসা গ্রুপের কর্মকর্তারা জানান, রাজধানীর গুলশান, বনানী, মহাখালী, মিরপুর, মোহাম্মদপুরসহ ১১টি ও চট্টগ্রামের পাহাড়তলী, জিইসি মোড় ও বহদ্দারহাটে ৩টি বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে।
এসব বিক্রয় কেন্দ্রে কেজিপ্রতি ২০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামের খেজুর পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের আনবারা, সুগাই, বার্নি, সালাবি, আজওয়া, মাবরুম, মাজদুল, সুক্কারি, রোশাদিয়া, রাবিয়া ও সাফাওয়াই, মিশরের মেডজুল, সংযুক্ত আরব আমিরাতের খালাস, সায়ের, দাব্বাস ও জাহদি এবং তিউনিশিয়ার ডেগলেট নূর খেজুর।
রোজার মৌসুম হওয়ায় এসব বিক্রয়কেন্দ্রগুলোয় বেচাকেনার পরিমাণও বেশ ভালো বলে জানাচ্ছেন মদিনা ডেটস অ্যান্ড ফ্রুটসের কর্মকর্তারা। গ্রাহকেরা বিক্রয়কেন্দ্রটি থেকে ৫০০ গ্রাম থেকে শুরু করে যেকোনো পরিমাণ পর্যন্ত খেজুর কিনতে পারছেন।
মদিনা ডেটস অ্যান্ড ফ্রুটসের গুলশান শাখার বিক্রয় কর্মকর্তা আমজাদ হোসেন জানান, সৌদি আরবে নাসা গ্রুপের নিজস্ব বাগান থেকে অধিকাংশ খেজুর আসে। এছাড়া মিশর, ইরাক ও দুবাই থেকে ভালো মানের খেজুর আমদানি করা হয়। মিশরের মেডজুল খেজুর সবচেয়ে দামি।
এরপর আছে সৌদি আরবের খেজুরের চাহিদা। তবে অন্যান্য খেজুরের তুলনায় দুবাইয়ের খেজুরের দাম কিছুটা কম হওয়ায় এগুলোরও চাহিদা ভালো।
এদিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে দুবাইভিত্তিক বহুজাতিক খেজুর কোম্পানি বাতেলের শাখা রয়েছে। বাতেলের বিক্রয়কেন্দ্রের বিশেষ দিক হচ্ছে খেজুরকে উপহার হিসেবে পরিবেশন করা। বিভিন্ন আকর্ষণীয় বাক্সে মোড়কজাত করে বিক্রি করা হয় এসব খেজুর।
বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খেজুরের উপহারের বাক্সের কারণে দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে। যেমন ক্রোমাইট ও মার্বেল ড্রয়ারের দ্বিতল একটি বাক্সের মূল্যই রাখা হয় ৩৬ হাজার ৯৯৫ টাকা। খেজুরসহ এ ধরনের বাক্সের দাম প্রায় ৪৫ হাজার টাকা পড়বে।
খেজুর ছাড়াও এই বিক্রয়কেন্দ্রে বিক্রি হচ্ছে আমদানি করা একাধিক ধরনের খেজুরের চকলেট, চকলেট বার, মধু, অ্যারাবিয়ান কফি, বালসামিক ভিনেগারসহ অন্যান্য পণ্য।