শনিবার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকা সরজমিনে ঘুরে এমনটাই চিত্র দেখা গেছে।
আগুন থেকে রক্ষা করার পর কিছু মালামাল চুরির অভিযোগ তুলেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাই বাড়তি সতর্কতায় দোকান থেকে বের করা মালামাল পাহারা দিচ্ছেন ব্যবসায়ীদের পরিবারের নারী সদস্যরা। সড়ক কিংবা এর আশপাশে স্তূপ করে রাখা এসব মালামালের পাশের বসে থাকতে দেখা গেছে নারীদের।
.png)
মার্কেট সংলগ্ন আর্ট কলেজের মাঠ ও নিউমার্কেটের ভেতরে আগুন থেকে রক্ষা পাওয়া মালামালের স্তূপ দিয়েছে দোকানিরা। প্রায় প্রতিটি স্তূপে পরিবারের নারীরা বসে পাহারা দিচ্ছেন।
নিউমার্কেটের ভিতরে মালামাল পাহারা দিচ্ছিলেন নাজমা আক্তার। তিনি মালামাল পাহাড়া দিচ্ছিলেন, আবার পাশে থাকা প্রিয়জনকে এক হাতে প্লাস্টিক পাখা দিয়ে বাতাস করছিলেন।
তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, সকাল থেকে যা পারছি ২/১ বস্তা মালামাল নিজেও আনছি। রোজা রেখে আর পারি না। অন্যরা আনতে গেছে। আমি পাহারা দিচ্ছি। পাহারা না দিলে মালামাল চুরি হয়ে যায়।
নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, একদল লোক অগ্নিকাণ্ডের সুযোগ নিয়ে আগুন থেকে রক্ষা করা মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। এতে মানুষের ভিড়ে চোর শনাক্ত করতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।