শনিবার সন্ধ্যায় সরেজমিন দেখা গেছে, মার্কেটের ভেতরে আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গরমের তীব্রতা এত বেশি যে, ফায়ার সার্ভিসের দেওয়া পানি যখন মেঝেতে গড়িয়ে বাইরের দিকে আসছে, সেই পানিও উত্তাপ ছড়াচ্ছে। মার্কেটের ভেতরে অন্ধকার আর ধোঁয়ার মধ্যেও কাজ করছেন তারা। লম্বা সময় তীব্র গরম ও ধোঁয়ার মধ্যে কাজ করে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
মার্কেটের দ্বিতীয় এবং তৃতীয় তলার বেশিরভাগ দোকান পুড়েছে। এর মধ্যেও অনেক দোকান মালিক দোকানের শাটার ভেঙে ক্যাশ বাক্স, মালামাল উদ্ধারের চেষ্টা করছেন।
.png)
ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, দীর্ঘ সময় গরম ও ধোঁয়ার মধ্যে কাজ করতে কষ্ট হচ্ছে। বেশি সময় ধোঁয়ার মধ্যে থাকার কারণে নিশ্বাস নেয়া যাচ্ছে না।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট নিরলস প্রচেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সন্ধ্যার দিকেও মার্কেটের বিভিন্ন প্রান্ত থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিনির্বাপন করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ কর্মকর্তাসহ ২৪ জন আহত হয়েছেন। এছাড়া দুজন স্বেচ্ছাসেবী, দুজন আনসার সদস্য, একজন স্কাউট সদস্য ও বিমানবাহিনীর একজন সার্জেন্ট আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।