ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাতিরঝিলে ঈদ আনন্দে মেতে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২২, ২২ এপ্রিল ২০২৩
হাতিরঝিলে ঈদ আনন্দে মেতে শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ছবি

ঈদের দিনের আনন্দকে আরেকটু স্মৃতিমধুর করতে রাজধানীর হাতিরঝিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল মেহেদী হাসান (১৭)। সেই আনন্দ মুহূর্তেই কান্না ডেকে এনেছে মেহেদীর পরিবারে। বাসচাপায় মৃত্যু হয় মোটরসাইকেলে থাকা ঐ শিক্ষার্থীর। 

মেহেদী হাসান খিলগাঁও হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু (মোটরসাইকেলচালক) শাকিল।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে রামপুরা টেলিভিশন সেন্টারের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। 

Advertisement

মৃত মেহেদী শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সবজি ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। সে রামপুরা ওয়াপদা রোড নতুন রাস্তা এলাকায় পরিবারের সঙ্গে থাকত। দুই ভাইয়ের মধ্যে মেহেদী ছিল বড়। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।

মেহেদি ও তার বন্ধুকে হাসপাতালে নিয়ে আসা সিএনজিচালক খোকন শেখ জানায়, ‘রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশের সড়কে মোটরসাইকেলটি দ্রুতগতির বাসের চাকায় চাপা পড়ে। এতে গুরুতর আহত হন দুজন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে মেহেদীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ মিয়া বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত শাকিলকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

হাতিরঝিল থানার এসআই সুজন দেব বলেন, ‘এ ঘটনায় যাত্রীবাহী সৈকত শাওন পরিবহন নামের বাসটিকে জব্দ করা হয়েছে, তবে পালিয়ে গেছে চালক। বাসটি যাত্রী নিয়ে গাইবান্ধার উদ্দেশে যাচ্ছিল।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!