স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবার ৯৯৯–এ ফোন দিয়ে বিষয়টি জানালে ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, রামপুরার মোল্লাবাড়ি, রামপুরা বাজার ও তালতলা এলাকার রাস্তায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।
.png)
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রাত ১১টার দিকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা গ্যাসের গন্ধ পাচ্ছেন। আমরা বিষয়টি তিতাসকে জানিয়েছি। তিতাসের লোকজন এসে পরীক্ষা–নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
এদিকে মহাখালীর ২০ নম্বর ওয়ার্ডের একটি জায়গায়ও গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে বলে ওই এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া জানিয়েছেন।
তিনি সোমবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বলেন, ঘটনাটি থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসে ফোন করে জানিয়েছেন। তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানাতে বলেছে।
বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা যায়, ইস্কাটন, নয়াটোলা, মগবাজার এলাকায় রাস্তায় হাঁটার সময় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। মসজিদে মাইকিং করে চুলা না জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে স্থানীয়দের। এ ছাড়া মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা নাখালপাড়া, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগসহ আরো বেশ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাজধানীর বেশিরভাগ এলাকা থেকে আমরা ফোন পেয়েছি। তাদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় হুট করে এই লিখেজ হয়েছে। তারা লিকেজগুলো শনাক্ত করে গ্যাসের লাইন ঠিক করার চেষ্টা চালাচ্ছেন।