সোমবার সকালে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আজ থেকে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান চলবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এ অভিযানে ব্যাপক প্রচারণা চালানো হবে। আমাদের মশক কর্মীদের পাশাপাশি আগামীকাল থেকে বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও মাঠে নামবে।
.png)
তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশন একা নয় বরং ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সচেতনতা প্রয়োজন। জনগণ সচেতন না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমরা নিজেরাই এডিসের লার্ভার প্রজননক্ষেত্র তৈরি করি। বাসা বাড়িতে, ছাদবাগানে পানি জমিয়ে রেখে লার্ভা সৃষ্টি করছি।
প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে ৪০০×৪০০ মিটার গ্রিডে ভাগ করে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। আমি বিশ্বাস করি, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।
ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবে এবং লার্ভা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন প্রমুখ।