ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]
মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম

ডিএনসিসির অভিযান: সপ্তম দিনে ১৪ মামলা, জরিমানা ১০ লাখ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৮, ১৫ জুলাই ২০২৩
ডিএনসিসির অভিযান: সপ্তম দিনে ১৪ মামলা, জরিমানা ১০ লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মাসব্যাপী মশক নিধন অভিযান চলছে। শনিবার অভিযানের সপ্তম দিনে ১৪টি মামলায় মোট ৯ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় গাবতলীর বেড়িবাঁধ রোডে নির্মাণাধীন দুটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্স এবং মাইশা কন্সট্রাকশনকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া দারুস সালাম রোডে একটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডার্সকেও ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে ডিএনসিসির অঞ্চল-৪ এর আওতাধীন গাবতলী সিটি কলোনি, পাইকপাড়া স্টাফ কোয়াটার এলাকায় প্রায় ১০০টি ভবন, স্থাপনা, জলাশয়, রেস্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন ও লার্ভা ধংস করা হয়েছে।

Advertisement

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির মাসব্যাপী মশক নিধন অভিযান

অভিযানের সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী প্রমুখ।

এদিকে ডিএনসিসির অঞ্চল-৫ এর আওতাধীন ফার্মগেট এলাকায় ৪টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল-৩ এর আওতাধীন মহাখালী এলাকায় ২টি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকদের মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল-৬ এর আওতাধীন হরিরামপুর এলাকায় ৪টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির মাসব্যাপী মশক নিধন অভিযান

অঞ্চল-৯ এর আওতাধীন এলাকায় একটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল ১ আওতাধীন উত্তরা এলাকায় অভিযানে এডিস মশার লার্ভা পাওয়া যায়নি, তবে ভবিষ্যতে লার্ভা উৎপন্ন হতে পরে এমন স্থানসমূহে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করা হয়েছে। স্কাউটস ও বিএনসিসি সদস্যরাও ডিএনসিসির সঙ্গে যুক্ত হয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন।

মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান তদারকির জন্য ডিএনসিসির সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি টিম গঠন করা হয়েছে। এসব টিম প্রতিদিন চলমান অভিযান তদারকি করছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!