রয়েছে স্ত্রী-সন্তান, তারপরও হিজড়া সেজে চাঁদাবাজি
স্ত্রী-সন্তান থাকার পরও তারা হিজড়া সেজে চাঁদাবাজি করেন। এ অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে মিরপুল মডেল থানা পুলিশ। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
শনিবার দুপুরে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বাড়ি লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পাবনা ও ময়মনসিংহে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে তারা টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেয়া হয়। পরে তিনি ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।
.png)
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গণমাধ্যমে বলেন, তাদের কয়েকজনের স্ত্রী-সন্তানও আছে। তারপরও তারা হিজড়া সেজে চাঁদাবাজি করছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) ও মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)।
ওসি মোহাম্মদ মহসিন জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিলেন। পাপ্পু হিজড়া নামে একজন তাদের গুরুমাতা হিসেবে আছেন। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হয়।