ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পিকনিকে গিয়ে মদপান করে ৩ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩, ২১ আগস্ট ২০২৩
পিকনিকে গিয়ে মদপান করে ৩ যুবকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর বাড্ডার তিন যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, শুক্রবার গাজীপুরে এক পিকনিকে গিয়ে মদপান করে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তাদের। 

রোববার রাতে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শাকিল মাহমুদ এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, মনির, হাসান ও সানি নামে মারা যাওয়া তিন যুবকের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। তদন্ত চলছে। রোববার সন্ধ্যার আগেই তারা সবাই মারা যান।

Advertisement

শাকিল মাহমুদ বলেন, মারা যাওয়া তিন যুবকের মধ্যে মনির ও সানির দাফন সম্পন্ন হয়েছে। আর হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকদের কারো বাসা বাড্ডা, কারো ভাটারা বলে জানা গেছে প্রাথমিকভাবে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, গত শুক্রবার তারা গাজীপুর এলাকায় নৌপথে পিকনিকে গিয়ে মদপান করেছিলেন।

পিকনিকে অংশ নেয়া শিক্ষার্থী সিয়াম (১৯) জানান, তিনিও অন্যান্য বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন। মদপানের পর তারা কয়েকজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে ঢামেক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড্ডার স্বাধীনতা সরণীর বাসায় ফিরেছেন।

সিয়ামের বাবা সোহাগ মিয়া বলেন, গত শুক্রবার নৌপথে সিয়ামসহ তার বন্ধুরা মিলে গাজীপুর পুবাইল এলাকায় পিকনিকে যায়। সেখানে তারা কিছু খেয়েছিল। আমার ছেলে সেখান থেকে ঘুরে এসে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া এ ঘটনায় আরো অনেকেই চিকিৎসা নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!