গ্রেফতারকৃতরা হলেন- তামজিদ হোসেন শুভ ও মো. সিয়াম। বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃত শুভ ও সিয়াম পেশাদার চোর। শুভর বিরুদ্ধে ৪টি ও সিয়ামের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। ঢাকায় গাড়ির যন্ত্রাংশ চুরির সংঘবদ্ধ চক্রগুলোর মধ্যে শুভ, সিয়াম অন্যতম। তারা মার্সিডিজ বেঞ্জ ও টয়োটা হ্যারিয়ার গাড়ির লোগো, স্টিকার, লুকিং গ্লাস ইত্যাদি চুরি করে। পরে ধোলাইখালে বিক্রি করে দেয়।
.png)
তিনি আরো বলেন, যে ব্যক্তির গাড়ির যন্ত্রাংশ চুরি হয় তিনি যখন আবার এ ধরনের যন্ত্রাংশের খোঁজে ধোলাইখাল এলাকায় যান, তখন তার কাছেই উচ্চমূল্যে এগুলো বিক্রি করা হয়। এসব গাড়ির লুকিং গ্লাস, লোগো, স্টিকারের দাম লাখ টাকা। দামি লোগো, স্টিকার, লুকিং গ্লাস চুরি করা সহজ, আবার দাম বেশি। তাই তারা এগুলো চুরি করে।
ওসি মহসীন বলেন, বুধবার রাতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে রাখা একটি হ্যারিয়ার গাড়ির স্টিকার চুরির চেষ্টা করে তারা। এ সময় গাড়ির ড্রাইভার দেখে ফেললে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করে ৯৯৯-এ করে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।