তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বায়ুদূষণ রোধে বৃক্ষরোপণ ভূমিকা রাখবে: মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে তাপমাত্রা ও বায়ুদূষণ রোধে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বায়ুদূষণ রোধে ভূমিকা রাখবে।
বুধবার রাজধানীর গুলশানে ডিএনসিসির নগর ভবনে ২য় পরিষদের ২৫তম কর্পোরেশন সভায় এসব কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, বায়ুদূষণ রোধ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে আরো কী কী করণীয় সে বিষয় গবেষণার মাধ্যমে সঠিক সিদ্বান্ত নেয়া হবে। ঢাকা শহরের পরিবেশ রক্ষায় এ উদ্যোগ ব্যাপক ভূমিকা রাখবে।
.png)
এ সময় ডিএনসিসির আওতাধীন এলাকায় বায়ুদূষণ ও তাপমাত্রা কমাতে গবেষণার মাধ্যমে কারণ ও সম্ভাব্য প্রতিকার খুঁজে বের করতে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংস্থা তিনটি হলো- সেন্টার ফর অ্যাটমসফরিক পলিউশন স্টাডিজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন।
সভায় উপস্থিত ছিলেন- ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ ডিএনসিসির সব বিভাগীয় প্রধান, কাউন্সিলর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।