শিকলে বেঁধে ২৫ দিন ধরে তরুণীকে ধর্ষণ, আসামিরা ৩ দিনের রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শিকলে বেঁধে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ঐ তরুণীর প্রেমিক সানসহ চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামিরা হলো- হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর।
সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ফারুকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
.png)
তখন উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিনের রিমান্ডের আদেশ দেন। এ সময় তদন্ত কর্মকর্তার উদ্দেশে বিচারক বলেন, যত বড় ব্যক্তি হোক না কেন, ঘটনায় সংশ্লিষ্টদের নামগুলো যেন অভিযোগপত্রে আসে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলার সূত্র ধরে ভুক্তভোগীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
এর আগে মোহাম্মদপুরের ঐ বাসায় এক তরুণীকে শিকলে বেঁধে রেখে ২৫ দিন ধরে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। নবীনগর হাউজিংয়ের একটি বাসায় তাকে আটকে রেখে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। তরুণীর চিৎকারে জাতীয় জরুরি সেবার (৯৯৯) নম্বরে এক ব্যক্তি কল করলে পুলিশ গিয়ে শিকলে বাঁধা অবস্থায় তরুণীকে উদ্ধার করে।