বেইলি রোডে আগুনের ঘটনায় আরো তিনজন গ্রেফতার
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো দক্ষিণ) আনিচুর রহমান। এর আগে, মঙ্গলবার রাতে বেইলি রোড ও শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেস্টি রেস্তোরাঁর মালিক মোহর আলী ওরফে পলাশ, ফুকো রেস্তোরাঁর মালিক আবদুল্লাহ আল মতিন ও ভবনের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম খান।
.png)
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। এতে ৪৬ জন মারা যান। তাদের মধ্যে ১৮ জন নারী ও ৮টি শিশু। ভবনের নিচতলার খাবার দোকান থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলাটি তদন্ত করছে সিআইডি।
সিআইডির কর্মকর্তা আনিচুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বুধবার আদালতে হাজির করা হয়। আদালত তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।