ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ট্রেনে ঈদযাত্রা, অনলাইনে টিকিট কেটে স্বামী-স্ত্রী আলাদা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৪, ১২ জুন ২০২৪
ট্রেনে ঈদযাত্রা, অনলাইনে টিকিট কেটে স্বামী-স্ত্রী আলাদা!
ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রার বুধবার ছিল প্রথম দিন। এদিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেনই বিলম্ব যাত্রা করেছে। এতে প্রচণ্ড গরমে স্টেশনে থাকা যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। 

সরেজমিন বুধবার দেখা যায়, দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) ভোর ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ঢাকা স্টেশন ছেড়েছে সকাল ৭টা ২০ মিনিটে। দিনের দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস (৮১৬) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকা স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়েছে ৬টা ৫০ মিনিটে। তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস (৭০৯) সকাল সাড়ে ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকা স্টেশন ছেড়েছে সকাল সাড়ে ৮টায়।

আর এসব ট্রেনের শিডিউলে বিলম্বের প্রভাব পড়েছে অন্য ট্রেনগুলোতেও। অন্যদিকে ট্রেনের রেকগুলোতে কোচ সংযোজন ভুল হওয়ায় বিলম্ব হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরো দেখা গেছে, গত ঈদুল ফিতরের মতো এবারও প্ল্যাটফর্ম এলাকায় যেন কোনো টিকিটবিহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। যার ফলে ঢাকা স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় অবাঞ্ছিত কোনো মানুষকে দেখা যায়নি।

এদিকে আব্দুল্লাহ আল মামুন নামে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একজন যাত্রী বলেন, অনলাইনে টিকিট কাটার জন্য আমি ও আমার স্ত্রী আলাদা হয়ে গেছি। আমরা দুজন ট্রেনের দুই বগিতে টিকিট পেয়েছি। এখন দেখি একসাথে বসতে পারি কি-না। 

তিনি বলেন, ঈদে বাড়ি ফিরতে পারছি এর চেয়ে বেশি আনন্দ আর কী হতে পারে। পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারলে খুব ভালো লাগবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমআরকে
ট্যাগ: ঈদযাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!