রাজধানীতে যত পশু কোরবানি হলো
সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সকালে ঈদের নামাজের পর থেকেই রাজধানীতে শুরু হয়েছে পশু কুরবানি।
সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এবার সারাদেশে কুরবানির পশুর চাহিদা ছিল ১ কোটি ৭ লাখ। সেখানে গরু-ছাগলসহ কুরবানির জন্য পশু প্রস্তুত ছিল প্রায় ১ কোটি ৩০ লাখ। যদিও ঢাকায় পশু কুরবানির আসল সংখ্যা নিয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে সিটি কর্পোরেশনের ধারণা ঈদে প্রায় ১২ লাখ পশু কুরবানি হবে ঢাকায়।
জবাই করা পশু এবং কুরবানির হাট মিলিয়ে বর্জ্য তৈরি হবে ২২ হাজার মেট্রিক টনের মতো। তবে দূষণ এড়াতে ঢাকার দুই সিটি কর্পোরেশন পশু জবাইয়ের স্থান নির্ধারণ করে দিলেও তাতে সাড়া মেলেনি।
কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় দুই সিটি কর্পোরেশনের নগরভবনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। কোনো এলাকায় বর্জ্য যথাসময়ে অপসারণ না হলে উত্তর সিটির হট লাইনের নম্বর ১৬১০৬ এবং দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ এবং ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করে তথ্য ও অভিযোগ জানতে পারবেন নাগরিকরা।