রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে হাসপাতালটির জরুরি সেবা চালু হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
.png)
তিনি বলেন, আমরা হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছি। চিকিৎসকদের নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জরুরি বিভাগ ছাড়াও আইসিইউ, এইচডিইউ ও সিসিইউসহ সকল জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছি। আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এটি করা হয়েছে।
এর আগে, সকাল সাড়ে ৯টা থেকে হাসপাতালটিতে সব স্বাস্থ্যসেবা বন্ধ করে দেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। চার দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন তারা। এরপর বেলা ৩টা থেকে স্বাস্থ্য উপদেষ্টা, ঢামেক হাসপাতাল পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন আন্দোলনকারী চিকিৎসকরা।
এর পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিতের কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ঢামেক পরিচালক। তবে তা ঠিক নয় দাবি করে শর্তসাপেক্ষে ২৪ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিতের কথা জানান আন্দোলনকারীরা। প্রতি চিকিৎসকের বিপরীতে একজন নিরাপত্তাবাহিনীর সদস্য নিয়োগ শর্তে শুধু যেসব হাসপাতালে এটি নিশ্চিত করা হবে সেখানে সেবা দেওয়ার কথা জানান তারা।