ভারতে মহানবী (স.)-কে নিয়ে কটূক্তি, ঢাকায় বিক্ষোভ সমাবেশ
মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতা সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
শনিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনের ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৮০-১০০ জন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় আমির মাওলানা আবু জাফর কাসেমী। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ।
.png)
সমাবেশে বক্তারা বলেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ(সা.) এর নামে যে কুলাঙ্গার কটূক্তি করেছে আমরা মুসলমান হয়ে এমন অন্যায় সহ্য করতে পারি না। আমাদের গায়ে হাত তুলতেও আমরা মেনে নিতে পারি। কিন্তু কলিজার টুকরা রাসূল (স.)-কে নিয়ে বাজে কটুক্তি কখনো সহ্য করতে পারবো না।
তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ রায়ের এমন জঘন্যতম মন্তব্য করে সারা বিশ্বের মুসলমানদের মনে আঘাত করেছে। এ অপরাধের জন্য ভারতের মোদি সরকারকে বলবো অনতিবিলম্বে এই কুলাঙ্গারদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। বাংলাদেশের প্রতিটি নাগরিকদের বলবো ভারতের সব পন্য বর্জন করুন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে পুনরায় বায়তুল মোকাররামের উত্তর গেটে এসে শেষ হয়।