ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে পাইয়াথাই হসপিটালের সমঝোতা স্মারক স্বাক্ষর
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার (১০ জুলাই) থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ফলে জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
চুক্তিতে হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
ঢাকায় হসপিটালটির প্রতিনিধি মোমেন্টাম মেডিকেয়ারের সহযোগিতায় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল মার্কেটিং) ও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুয়াদী নিমা এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার রাওয়িসারা সাংসুওয়ান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের স্বাস্থ্যসেবা উপকমিটির আহ্বায়ক একেএম মোহসিন।
এ সময় জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ম্যানেজিং কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও শাহনাজ পলি, সিনিয়র সাংবাদিক রফিকুর রহমান ও বুলবুল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ প্রেস ক্লাবের সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।