পল্টন-গুলিস্তান-নর্থ সাউথ রোড হকারমুক্ত
রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হকারমুক্ত ঘোষিত এলাকা পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক জানান, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ সেখানে বসলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.png)
তিনি বলেন, হকার সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। সংগঠনগুলোর প্রতিনিধিরাও মূল সড়ক থেকে সরে যাওয়ার বিষয়ে স্বেচ্ছায় অঙ্গীকার করেছেন। সবার সহযোগিতায় সড়ক ও ফুটপাতে নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএসসিসি প্রশাসক জানান, শুধু রমনা ভবনসংলগ্ন পূর্ব পাশের ফুটপাতে পথচারীদের চলাচলের জায়গা রেখে নির্ধারিত স্থানে নিবন্ধিত ও নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন। নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে হকার বসার সুযোগ থাকবে না। নিয়ম অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে আবদুস সালাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনের সময় তিনি এক ঘণ্টারও বেশি সময় পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্ত কার্যক্রম তদারকি করেন।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।