মিরপুরে টানা দ্বিতীয় দিন ফুটপাত উচ্ছেদ
মিরপুরে ফুটপাত দখল করে গড়ে ওঠা হকারদের অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে মিরপুর-১০ গোলচত্বরের আশপাশ ও সংলগ্ন হোপ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পরে সেগুলোর ধ্বংসাবশেষ সিটি করপোরেশনের ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়।
.png)
ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তবে হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসন ও নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
উচ্ছেদ হওয়া কয়েকজন হকার অভিযোগ করেন, মঙ্গলবারের অভিযানের সময় পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের মধ্যে তাদের অনেক মালামাল লুট হয়েছে। এ ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে তারা দ্রুত বিকল্প কর্মসংস্থান এবং ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দের দাবি জানান।
এদিকে, মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় মিরপুর মডেল থানায় তিনটি এবং কাফরুল থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।