হাইকোর্টের স্থগিতাদেশের মধ্যেই ৩৮১ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকার পরও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মিরপুরের গোড়ান-চটবাড়ি মৌজার ৩৮১ দশমিক ৭৫ শতাংশ জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, আদালতের আদেশ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানোর পরও কয়েক দফায় লোকজন নিয়ে ওই সম্পত্তিতে প্রবেশ করে দেয়াল ভাঙা, লোহার গেট স্থাপন ও স্থাপনা নির্মাণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ কোম্পানিটির।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. শামসুল আলম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কোম্পানির দখলে থাকা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একটি পক্ষ আদালতে যায়। আদালতের আদেশের পরও ওই পক্ষ সম্পত্তিতে দখল প্রতিষ্ঠার চেষ্টা করছে।
কোম্পানির নথি অনুযায়ী, ২০১৬ সালে মিরপুরের গোড়ান-চটবাড়ি মৌজার ৬৮০৪ ও ৬৬০৩ নম্বর দাগে মোট ৩৮১ দশমিক ৭৫ শতাংশ জমি ডিআরএ-এর অনুমোদন নিয়ে কেনে প্রাইম ইসলামী লাইফ। পরে নামজারি ও খাজনা পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি জমিটি ভোগদখল করে আসছে বলে দাবি করা হয়েছে। ২০২০ সাল থেকে জমির একটি অংশ টিভিএসের কাছে ভাড়া দেওয়া রয়েছে বলেও জানিয়েছে কোম্পানিটি।
মামলা ও হাইকোর্টের আদেশ
প্রাইম ইসলামী লাইফের অভিযোগ, গত ২৯ এপ্রিল মো. আনিসুল ইসলাম ওরফে নাজমুলের নেতৃত্বে আক্তার জাহান (রাইসা সুলতানা) গং কোম্পানির বিরুদ্ধে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮ ধারায় মামলা করেন।
কোম্পানির দাবি, তাদের বিরুদ্ধে যথাযথভাবে সমন বা নোটিশ জারি না করেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১ থেকে একতরফা আদেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে কোম্পানির পক্ষ থেকে মহানগর দায়রা আদালতে ফৌজদারি রিভিশন মামলা করা হয়।
পরবর্তীতে বিষয়টি হাইকোর্টে গড়ায়। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ জুলাই ২০২৬ হাইকোর্ট বিভাগে এ বিষয়ে মামলা করা হয়। শুনানি শেষে ২৯ জুলাই আদালত রুল জারির পাশাপাশি পরবর্তী আদেশের ওপর স্থগিতাদেশ দেন বলে দাবি করেছে প্রাইম ইসলামী লাইফ। আদালতের আদেশ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দেয়াল ভাঙা ও গেট স্থাপনের অভিযোগ
প্রাইম ইসলামী লাইফের অভিযোগ, হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় ১ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে আক্তার জাহান (রাইসা সুলতানা) গংয়ের লোকজন কোম্পানির সম্পত্তিতে প্রবেশ করেন। এ সময় জমির সুরক্ষায় নির্মিত দেয়াল ভেঙে লোহার গেট স্থাপন এবং বাঁশ-টিন দিয়ে জমির একটি অংশ ঘেরাও করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ৬ আগস্ট অনলাইনে সাধারণ ডায়েরি করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এরপর ১৯ সেপ্টেম্বর মো. আনিসুল ইসলাম ওরফে নাজমুল কয়েকজন লোক নিয়ে কোম্পানির ভাড়াটিয়া টিভিএসের শেডে প্রবেশ করেন বলে অভিযোগ করেছে প্রাইম ইসলামী লাইফ। সেখানে স্থানীয় নিরাপত্তাকর্মী মিঠুকে এক-দুই দিনের মধ্যে স্থাপনা উচ্ছেদ করা হবে বলে হুমকি দেওয়া হয় বলেও দাবি কোম্পানিটির।
৫০-৬০ জন নিয়ে নির্মাণকাজ শুরুর অভিযোগ
ঘটনার পর ২২ সেপ্টেম্বর মিরপুরের শাহ আলী থানায় সাধারণ ডায়েরি করে প্রতিষ্ঠানটি।
কোম্পানির অভিযোগ, এর দুই দিন পর ২৪ সেপ্টেম্বর মো. আনিসুল ইসলাম ওরফে নাজমুলের নেতৃত্বে ৫০-৬০ জন লোক ও নির্মাণসামগ্রী নিয়ে একটি দল ফের ওই সম্পত্তিতে প্রবেশ করে। তারা জোরপূর্বক স্থায়ী দেয়াল নির্মাণের কাজ শুরু করে বলে দাবি করা হয়েছে।
প্রাইম ইসলামী লাইফের পক্ষ থেকে আরও বলা হয়, বিষয়টি তাৎক্ষণিকভাবে শাহ আলী থানা পুলিশকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে স্থানীয় ভূমি অফিসেও বিষয়টি জানানো হয়। সেখান থেকেও দ্রুত কোনো কার্যকর নির্দেশনা পাওয়া যায়নি বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।
‘গ্রাহকদের স্বার্থও জড়িত’
প্রাইম ইসলামী লাইফের দাবি, ৩৮১ দশমিক ৭৫ শতাংশ জমির মালিকানা ও বৈধ দখলের পক্ষে তাদের কাছে প্রয়োজনীয় দলিলপত্র, নামজারি এবং খাজনা পরিশোধের রেকর্ড রয়েছে। দীর্ঘদিন ধরে তারা জমিটি ভোগদখল করে আসছে এবং এর একটি অংশ থেকে ভাড়াও পাচ্ছে।
সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. শামসুল আলম বলেন, আদালতের আদেশ বহাল থাকার পরও কোনো পক্ষ জোরপূর্বক সম্পত্তিতে প্রবেশ করে স্থাপনা নির্মাণ করলে এর সঙ্গে কোম্পানির পাশাপাশি বিপুলসংখ্যক বীমা গ্রাহকের স্বার্থও জড়িত।
তিনি বলেন, “আমরা চাই, আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করা হোক। একই সঙ্গে ২৪ সেপ্টেম্বরের ঘটনাসহ পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য বের করা হোক। এ ঘটনায় শাহ আলী থানা পুলিশের ভূমিকা কী ছিল, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।”
কোম্পানির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, মো. আনিসুল ইসলাম ওরফে নাজমুল নিজেকে স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ভাই হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তবে এ অভিযোগের বিষয়ে আনিসুল ইসলাম ওরফে নাজমুল কিংবা আক্তার জাহান (রাইসা সুলতানা) গংয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ বলছে, জমির মালিকানা, আদালতের আদেশ এবং ২৪ সেপ্টেম্বরের ঘটনাসহ পুরো বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে আদালতের আদেশ বাস্তবায়ন এবং কোম্পানির সম্পত্তি ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে প্রতিষ্ঠানটি।