রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৩ জন গ্রেপ্তার
রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৫৯ জন, ওয়ারীতে ৭৫ জন, মতিঝিলে ৮২ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ৯০ জন, গুলশানে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, গোয়েন্দা বিভাগে ১১ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে একজন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও দুই ক্যান বিয়ার উদ্ধার করে। এ ছাড়া একটি কাভার্ড ভ্যান, দুটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৪০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।