রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩২টি মামলা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, ককটেল ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৫ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।
অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল, ককটেলের একটি অংশ, ৯০ গ্রাম গাঁজা, ৫ হাজার ৯৩১ পিস ইয়াবা ও ১৪৪ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি কাভার্ড ভ্যান, দুটি লাইটার, দুটি কাঁচি, ছয়টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাপাতি, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়েছে।
এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।