ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ পার্বত্য চট্টগ্রাম ]

দুর্গম সাজেকে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ৩০ নভেম্বর ২০২২
দুর্গম সাজেকে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুর্বৃত্তের গুলিতে সুখেন চাকমা নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় সজীব চাকমা নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। 

বুধবার সকালে উপজেলার  দুর্গম সাজেক ইউপির নিউলংকর দাড়ি পাড়ার মিডপয়েন্ট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। 

জানা গেছে, বুধবার সকালে সুখেন নিজের মোটরসাইকেল চালিয়ে মিডপয়েন্ট থেকে দাড়িপাড়া গ্রামের দিকে যাচ্ছিলেন। সজীব ওই মোটরসাইকেলের পেছনে বসেছিলেন। মিডপয়েন্ট গ্রাম থেকে আধা কিলোমিটার দূরত্বে পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতি রোধ করে। কিছু বলার আগেই দুর্বৃত্তরা সুখেন ও সজীবকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সুখেন মারা যান। সজীবকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। 

নিহত সুখেন চাকমা সাজেক ইউপির মিডপয়েন্ট গ্রামের মঙ্গল চাকমার ছেলে। গুলিবিদ্ধ সজীব চাকমা একই গ্রামের বিধুমঙ্গল চাকমার ছেলে। তারা দুজনেই ভাড়ায় মোটরসাইকেল চালান। তারা সম্পর্কে চাচাতো ভাই।  

সাজেক থানার ওসি নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। এলাকাটি খুবই দুর্গম হওয়ায় একটু সময় লাগবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!