প্রাচীন একটেরে এই দুর্গের বয়স নয় নয় করে ৯৬ হতে চলল। তবে এর বাইরের রূপ দেখে ভেতরের আন্দাজ করলে মুশকিল। তা হলে বোকা হতে হবে। কারণ, পুরনো ‘দুর্গের’ ভেতরে রয়েছে এক ঝকঝকে অত্যাধুনিক প্রাসাদ।
কী নেই সেখানে! ১০টি শোওয়ার ঘর। আড্ডা দেওয়ার ঘর, অবসর কাটানোর ঘর, সিনেমা দেখার ঘর, খেলাধুলোর জায়গা, জিম করার ঘর, গ্রন্থাগার, মদ্যপানের ঘর। ১৯২৮ সালে তৈরি বাড়িটি ছড়িয়ে রয়েছে প্রায় ৮২০০ বর্গফুট এলাকা জুড়ে। সঙ্গে রয়েছে বাড়িটির পেছন দিকে বড় বাগান। বাড়ির প্রবেশপথে রয়েছে লম্বা লন। গাড়ি রাখার দুইটি গ্যারেজ এবং আরো ১০টি গাড়ি পার্ক করার সংলগ্ন এলাকা।
.png)
এর আগে বাড়িটি ৫০ লাখ ডলার -এ কিনেছিলেন আমেরিকার আর এক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রেস সচিব জো লোখার্ট। তবে জো পরে বাড়িটি ভাড়া দেন। মাসে ২২ হাজার ডলারে প্রথমে ভাড়াই নিয়েছিলেন ওবামা।
তবে আমেরিকার এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই বাড়িটি ৮০ লক্ষ ডলারে কিনে নিয়েছেন ওবামা। এই পাড়ার বাসিন্দা আরো এক সাবেক আমেরিকার প্রেসিডেন্ট। বিল এবং হিলারি ক্লিন্টনের একটি বাড়ি রয়েছে ওবামার এই বাড়ির খুব কাছেই। এছাড়াও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং অ্যামাজ়ন প্রতিষ্ঠাতা জেফ বেজোসও ওবামার প্রতিবেশী।
এক সময় শিকাগোর বাসিন্দা ওবামা তার দুইবারের প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার পর ওয়াশিংটন ডিসিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পরে প্রায় শতবর্ষের দোরগোড়ায় থাকা এই বাড়িটি পছন্দ হয় তার।
বাড়িটি এক রকম সাজানোই ছিল। তবে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বরাবরই খুঁতখুঁতে। বাড়িটি কেনার পর নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন তিনি। ওয়াশিংটনের দুর্গ বাড়ির চারটি রান্নাঘরের একটি। মিশেলের গোসলখানার ছবি দেখলে বোঝা যায় কতটা মন দিয়ে সব দিক নজরে রেখে সাজানো হয়েছে সব কিছু। সাবেক প্রেসিডেন্টের গোসলখানাতেও কোনো বাড়তি বিশেষত্ব নেই। যেটুকু দরকার সেটুকু নিয়েই পরিষ্কার-পরিচ্ছন্ন খোলামেলা জায়গা নিয়ে তৈরি।
তবে সাবেক প্রেসিডেন্ট সম্প্রতি আরো একটি বাড়ি কিনেছেন। প্রায় ১ কোটি ১০ লক্ষ ডলারে কেনা সেই বাড়ি দেখলে গ্রিটিংস কার্ড থেকে উঠে আসা ছবি মনে হতে পারে। একটি দ্বীপের মাঝ বরাবর প্রায় ৩০ একর জমি নিয়ে তৈরি সেই বাড়ি। সঙ্গে রয়েছে বিস্তৃত আঙুরের বাগিচা। মার্থা’জ আইল্যান্ডের এই বাড়িতে মাঝে মধ্যেই ছুটি কাটাতে আসেন ওবামা। প্রেসিডেন্ট থাকাকালীন তো বটেই, ওবামা যখন ইলিনয়ের সেনেটর ছিলেন তখনও বছরের ছুটির সময়টুকু মার্থা’জেই চলে আসতেন তিনি।
তবে যে বাড়িটি সম্প্রতি ওবামা পরিবার কিনেছে, সেটি সাজানো হয়েছে সম্পূর্ণ মনোরঞ্জনের কথা মাথায় রেখে। অর্থাৎ এখানে ছুটি কাটাতে এলে এক মুহূর্তের জন্যও ‘বোর’ হওয়ার সুযোগ নেই। সবুজ কার্পেটের মতো ঘাসের জমি পেরিয়েই সমুদ্র। খাবার ঘর আর তার লাগোয়া রান্নাঘরের সমস্ত জানলা থেকেই দেখা যায় সমুদ্র।
হলঘরে রয়েছে পুল খেলার টেবিল। রয়েছে ঘরে বসে খেলার আরও অনেক বিকল্প। ২০০১ সালে তৈরি এই বাড়িটি ২০১৫ সাল থেকে বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। প্রথমে এই বাড়ির দর দুই কোটি ২৫ লক্ষ ডলার হলেও পরে দুইবার দাম কমে গত গ্রীষ্মে এসে ঠেকে এক কোটি ৪৮ লক্ষ ৫০ হাজার ডলারে। ওবামা বাড়িটি কিনে নেন এক কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলারে।
এই বাড়িতেও রয়েছে নয়টি শোবার ঘর, আটটি শৌচাগার। তবে এই বাড়ির সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে এর ছাদ। ঝকঝকে রোদ্দুর ধোয়া ঐ ছাদ থেকে আঙুর বাগিচার সবুজ পেরিয়ে দেখা যায় নীল সমুদ্র।
ওবামার এই অবকাশ বাংলোয় রয়েছে বাড়ির আঙুরক্ষেত লাগোয়া দীর্ঘ সৈকত এমনকি শান্ত সমুদ্রের পানিতে নৌকা ভাসানোর ব্যবস্থা সম্পন্ন নৌকাবাড়িও। আর আছে সুইমিং পুল। সব সময়ে সমুদ্রের জলে পা ডোবাতে ভালো না লাগলে আঙুরক্ষেতের সবুজে চোখ রেখে নীল আকাশের নিচে গা ডোবানোর ব্যবস্থা রয়েছে বাড়ির পেছন দিকের সাজানো বাগানে।
সূত্র: আনন্দবাজার