হিন্দিতে একটা প্রবাদ আছে, ‘উপরওয়ালা যব দেতা হ্যায় ছপ্পড় ফাড়কে দেতা হ্যায়!’ আমেরিকার এক যুবকও সেই ‘উপরওয়ালা’র জোরেই কেরামতি করে দেখালেন। সাধারণ থেকে হয়ে গেলেন অসাধারণ! মাত্র কয়েক মিনিটের মধ্যে পেয়ে গেলেন কয়েক হাজার কোটি টাকা। একেই বলে কপাল!
লটারি তো অনেকেই কাটেন। কিন্তু কয়জনের মুখেই আর হাসি ফোটে! ভাগ্যের এমন খেলায় যারা জেতেন, তারাই তো হয়ে ওঠেন ‘বাজিগর’। আমেরিকার যুবক এডউইন ক্যাস্ত্রোও সেই তাদেরই এক জন হয়ে উঠেছেন। লটারির টিকিট কিনেছিলেন। আর সেই লটারির জোরে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে ক্যাস্ত্রোর। পেয়ে গিয়েছেন জ্যাকপট। গত নভেম্বরে লটারিতে বাজিমাত করেছেন ঐ যুবক।
.png)
জ্যাকপটের অঙ্কটা জানলে চমকে উঠতে হয়! বড় বড় ধনী ব্যক্তিদের টক্কর দিয়েছেন এই যুবক। সম্পদের মোট অর্থের নিরিখে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি রতন টাটাকেও পেছনে ফেলে দিয়েছেন তিনি। ভারতের শিল্পপতি রতন টাটার মোট ব্যক্তিগত সম্পত্তির অঙ্ক প্রায় চার হাজার কোটি টাকা। আর ক্যাস্ত্রোর লটারিতে জেতা অর্থের পরিমাণ ৪ হাজার কোটি টাকারও বেশি। টাকার পরিমাণের জন্য ক্যাস্ত্রোকে ঘিরে হইচই শুরু হয়ে গেছে।
ক্যাস্ত্রোর লটারিতে জেতা অর্থের পরিমাণ দুইশো কোটি ডলার। তবে লটারির পুরস্কারমূল্যের পুরো টাকাটা হাতে পাননি ক্যাস্ত্রো। কর এবং অন্যান্য ক্ষেত্রে কাটছাঁট করে তার হাতে এসেছে ৯৯ কোটি ৭০ লক্ষ ডলার। একসঙ্গে এত টাকা! স্বাভাবিক ভাবেই হকচকিয়ে গিয়েছিলেন ঐ যুবক। লটারি জয়ের উত্তেজনা সামলে এই টাকা কীভাবে খরচ করবেন, সে নিয়ে পরিকল্পনাও করেছেন তিনি।
জ্যাকপট মেলার পর ৩০ বছর বয়সি যুবক একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। সেই বাড়িটির দাম শুনলেও চমকে যাবেন। যে এলাকায় নতুন বাড়ি কিনেছেন ক্যাস্ত্রো, সেটি অভিজাত এলাকা। ক্যালিফোর্নিয়ার হলিউড হিলস এলাকায় বাড়ি কিনেছেন তিনি। হলিউডের অধিকাংশ তারকার বাড়ি ঐ এলাকাতেই রয়েছে।
ঐ বিলাসবহুল বাড়িটির দাম তিন কোটি ডলার। তবে কিছুটা ছাড়ে বাড়িটি কিনেছেন ক্যাস্ত্রো। শোনা গেছে, ৫০ লাখ ডলার ছাড় পেয়েছেন ঐ যুবক। শেষে আড়াই কোটি ডলারে কিনেছেন ঐ বাড়িটি। ১৩ হাজার ৫৭৮ বর্গফুটের ঐ প্রাসাদোপম বাড়িটি এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ক্যাস্ত্রোর নতুন বাড়িতে রয়েছে এলাহি বন্দোবস্ত। বিলাসবহুল বাড়িতে আছে- জিম, মুভি থিয়েটার, সুইমিং পুল। এছাড়াও রয়েছে বিশাল বড় গ্যারাজ। যেখানে একসঙ্গে কমপক্ষে ৭টি গাড়ি রাখা যেতে পারে।
লটারি কেটে রাতারাতি অনেকেই কোটিপতি হয়েছেন। লটারি জয়ের এমন অনেক ঘটনাই প্রকাশ্যে আসে। তবে ক্যাস্ত্রোর মতো বোধহয় এমন জ্যাকপট জেতার খবর সচরাচর পাওয়া যায় না। আর সে কারণেই বাড়তি নজর কেড়েছেন আমেরিকার এই যুবক।
সূত্র: আনন্দবাজার