ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ সংযোগ ]

এসএমই মেলায় পুনর্ব্যবহৃত উপকরণে পরিবেশবান্ধব পণ্য নিয়ে হাসিমুখ

ডেইলি বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৫২, ২৫ নভেম্বর ২০২৬
এসএমই মেলায় পুনর্ব্যবহৃত উপকরণে পরিবেশবান্ধব পণ্য নিয়ে হাসিমুখ
এসএমই মেলায় পুনর্ব্যবহৃত উপকরণে পরিবেশবান্ধব পণ্য নিয়ে হাসিমুখ

বর্জ্য থেকে সৌন্দর্যের গল্প তৈরি করছে সামাজিক উদ্যোগ হাসিমুখ ক্রাফট। ফেলে দেওয়া ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণকে সৃজনশীল নকশা ও কারুশিল্পের ছোঁয়ায় নান্দনিক, পরিবেশবান্ধব ও ব্যবহার উপযোগী পণ্যে রূপ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই ব্যতিক্রমী উদ্যোগের পণ্যসম্ভার নিয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ অংশ নিয়েছে হাসিমুখ।

২২ থেকে ২৮ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় হাসিমুখের পণ্য প্রদর্শিত হচ্ছে প্যাভিলিয়ন এফের ০০৮ নম্বর স্টলে।

হাসিমুখের পণ্যের সংগ্রহে রয়েছে ফেলে দেওয়া পাটের কাপড়, পুনর্ব্যবহৃত প্লাস্টিক, কার্টন ও টিস্যু পেপারের বর্জ্য দিয়ে তৈরি বিভিন্ন নান্দনিক সামগ্রী। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যবহৃত টেট্রা প্যাক প্যাকেজিং থেকে তৈরি ডায়েরি। সৃজনশীল নকশা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের সমন্বয়ে এসব পরিত্যক্ত উপকরণকে নতুন ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করছে প্রতিষ্ঠানটি।

শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয়, হাসিমুখের কার্যক্রমে যুক্ত রয়েছে সুবিধাবঞ্চিত শিশুরাও। কারুশিল্প তৈরির কাজে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে তারা হাতে-কলমে দক্ষতা অর্জন এবং সৃজনশীলতা বিকাশের সুযোগ পাচ্ছে।

হাসিমুখের উদ্যোগের মূল লক্ষ্য হলো বর্জ্য উপকরণের পুনর্ব্যবহার, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমানো এবং সৃজনশীল উৎপাদনের মাধ্যমে মানুষের দক্ষতা ও জীবিকার সুযোগ তৈরি করা।

 

ডেইলি-বাংলাদেশ/কেয়ার/একেকে
সংযোগ জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!