ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শিশুর শেখাকে আনন্দময় করে তুলতে পারে পাপেট
শিশুরা খেলতে ভালোবাসে। গল্প শুনতে, প্রশ্ন করতে, নতুন কিছু তৈরি করতে কিংবা নিজের মতো করে কিছু ভাবতেও তাদের আগ্রহের কমতি নেই। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থায় শেখার ক্ষেত্রে এসবের সুযোগ কতটা আছে? বেশির ভাগ সময় শিশুকে বই পড়তে হয়, শিক্ষকের কথা শুনতে হয় এবং পরীক্ষায় শেখা বিষয়গুলোর উত্তর দিতে হয়। অথচ আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পেলে একটি শিশু অনেক বেশি আগ্রহ নিয়ে নতুন বিষয় জানতে পারে। পাপেট্রি বা পুতুলনাট্য এ ক্ষেত্রে ভালো একটি মাধ্যম হতে পারে।
আমি দীর্ঘদিন ধরে পাপেট্রি নিয়ে কাজ করছি। আমার কাছে পাপেট শুধু মঞ্চে নড়াচড়া করা পুতুল নয়। এর মাধ্যমে শিশুদের সঙ্গে সহজেই যোগাযোগ তৈরি করা যায়। এমন অনেক কথা আছে, যা সরাসরি বললে শিশুরা হয়তো খুব একটা আগ্রহ নিয়ে শুনবে না। কিন্তু একই কথা পাপেট চরিত্রের মাধ্যমে বললে তারা মনোযোগ দেয়, প্রশ্ন করে, এমনকি নিজেরাই আলোচনায় অংশ নেয়।
কৈশোরেই পাপেট্রির প্রতি আমার আগ্রহ তৈরি হয়। পরে ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টারে মুস্তাফা মনোয়ার স্যারের কাছে পাপেট্রি শেখার সুযোগ হয়। তাঁর কাছ থেকে শেখার অভিজ্ঞতা আমাকে এই শিল্পের ভিন্ন দিক চিনতে সাহায্য করেছে। পাপেটের মাধ্যমে কীভাবে একটি চরিত্রকে জীবন্ত করে তোলা যায় এবং সেই চরিত্রের মধ্য দিয়ে মানুষের ভাবনা ও অনুভূতি প্রকাশ করা যায়, তা বুঝতে শুরু করি। এই আগ্রহ থেকেই ২০০৪ সালে আমেরিকার বিখ্যাত টিভি প্রোগ্রাম স্যসেমিস্ট্রিট এর কো-প্রোডাকশন সিসিমপুরের সাথে যুক্ত হওয়া এবং এরই ধারাবাহিকতায় ২০১২ সালে প্রতিষ্ঠা করি আমাদের নিজেদের প্রতিষ্ঠান ইনভেন্টর’স পাপেট।
গল্পের মধ্য দিয়ে শেখা
একটি সহজ উদাহরণ দেওয়া যাক। শিশুদের হাত ধোয়ার অভ্যাস শেখাতে শিক্ষক যখন নিয়মগুলো বলে দেন, তখন কেউ মনোযোগ দিয়ে শোনে, কেউ আবার কিছুক্ষণ পরই ভুলে যায়। কিন্তু শ্রেণিকক্ষে একটি পাপেট এসে যদি বলে, ‘আমি হাত না ধুয়েই খাবার খেয়ে ফেলেছি। এখন কী করব?’ তখন শিশুরা নিজেরাই তাকে পরামর্শ দিতে শুরু করবে। কেউ বলবে, খাওয়ার আগে হাত ধুতে হয়, কেউ বলবে, হাত অপরিষ্কার থাকলে অসুস্থ হয়ে যাবে।
এখানে শিশুরা শুধু শিক্ষকের কথা শুনছে না, নিজেরাও বিষয়টি নিয়ে ভাবছে। আমার কাছে পাপেট্রির সবচেয়ে ভালো দিক হলো, এটি শিশুকে দর্শক হিসেবে বসিয়ে রাখে না; গল্পের অংশ করে তোলে।
স্বাস্থ্যবিধি, পুষ্টি, পরিবেশ, সামাজিক আচরণ কিংবা মানবিক মূল্যবোধের মতো বিষয়গুলো এভাবে সহজে তুলে ধরা যায়। শিশুরা যখন কোনো চরিত্রের সঙ্গে পরিচিত হয়, তখন তার ভালো-মন্দ আচরণ নিয়েও ভাবতে শেখে। সরাসরি উপদেশ দেওয়ার চেয়ে গল্পের মধ্য দিয়ে কোনো বিষয় বোঝানো অনেক সময় বেশি কার্যকর হয়।
পাপেট শুধু দেখার নয়, তৈরিরও বিষয়
পাপেট্রির আরেকটি দিক আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। শিশুরা শুধু পাপেট দেখবে কেন? তারা নিজেরাও পাপেট তৈরি করবে, গল্প বানাবে এবং নিজেদের মতো করে অভিনয় করবে।
কাগজ, কাপড়, কার্ডবোর্ড কিংবা ঘরে পড়ে থাকা পুরোনো উপকরণ দিয়েই একটি পাপেট তৈরি করা সম্ভব। একটি শিশু যখন নিজের পাপেটের নাম দেয়, তার চরিত্র ঠিক করে এবং সেই চরিত্র দিয়ে গল্প বলতে শুরু করে, তখন তার মধ্যে কল্পনাশক্তি ও সৃজনশীলতার চর্চা হয়। একই সঙ্গে কথা বলা, নতুন শব্দ শেখা এবং নিজের ভাবনা প্রকাশের সুযোগ তৈরি হয়।
পাপেটের গল্পে এমন পরিস্থিতি তৈরি করা যায়, যেখানে একটি চরিত্র রাগ করছে, ভয় পাচ্ছে কিংবা বন্ধুর সঙ্গে ঝগড়া করছে। তখন শিশুরা ভাবতে পারে, কীভাবে সমস্যার সমাধান করা যায়, কীভাবে বন্ধুকে সাহায্য করা যায়। এভাবে তারা বন্ধুত্ব, সহযোগিতা ও অন্যের অনুভূতি বোঝার বিষয়গুলোও শিখতে পারে।
বিশেষ করে যেসব শিশু সবার সামনে কথা বলতে সংকোচ বোধ করে, তাদের জন্য পাপেট ভালো একটি মাধ্যম হতে পারে। অনেক সময় নিজের কথা সরাসরি বলতে না পারলেও পাপেট চরিত্রের মাধ্যমে তারা মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
বিদ্যালয়ে পাপেট্রির ব্যবহার বাড়ানো দরকার
আমাদের দেশে পাপেট্রিকে এখনো মূলত বিনোদন বা সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে দেখা হয়। বিদ্যালয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে পাপেট শো আয়োজন করা হয়, শিশুরা আনন্দ পায়। কিন্তু আমার মনে হয়, পাপেট্রির ব্যবহার শুধু এমন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।
পাঠদানের সময়ও এটি ব্যবহার করা সম্ভব। বাংলা ক্লাসে গল্প বলা, ইংরেজি ক্লাসে কথোপকথন, বিজ্ঞান ক্লাসে প্রাণী ও প্রকৃতি সম্পর্কে ধারণা দেওয়া কিংবা পরিবেশ শিক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি বোঝাতে পাপেট কাজে লাগতে পারে।
এ জন্য বিদ্যালয়ে বড় আয়োজনের প্রয়োজন নেই। শিক্ষকদের সাধারণ কিছু পাপেট তৈরি ও ব্যবহারের কৌশল শেখানো গেলেই তাঁরা শ্রেণিকক্ষে এটি ব্যবহার করতে পারবেন। কাগজের পাপেট বা সাধারণ হ্যান্ড পাপেট দিয়েও ছোট ছোট কার্যক্রম পরিচালনা করা যায়।
শিশুদেরও দলবদ্ধভাবে পাপেট তৈরি, গল্প লেখা বলা ও অভিনয়ের সুযোগ দেওয়া যেতে পারে। এতে তারা একসঙ্গে কাজ করতে শিখবে, নিজেদের মতামত প্রকাশ করবে এবং অন্যের কথা শুনবে। এসব অভিজ্ঞতা শুধু পাঠ্যবই থেকে অর্জন করা সম্ভব নয়।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের এগিয়ে আসা প্রয়োজন
পাপেট্রিকে বিদ্যালয়ের শিক্ষায় যুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো উদ্যোগ নিতে পারে। শুরুতেই বড় কোনো কর্মসূচি নেওয়ার প্রয়োজন নেই। নির্বাচিত কয়েকটি বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে পাপেটভিত্তিক পাঠদান চালু করা যেতে পারে। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, পাঠ্যবইয়ের সঙ্গে মিল রেখে ছোট ছোট পাপেট কনটেন্ট তৈরি করা এবং শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে কাজটি শুরু করা সম্ভব।
এ ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থা, সাংস্কৃতিক সংগঠন এবং পাপেট নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোরও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে এ ধরনের কার্যক্রম আরও বেশি বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব।
অভিভাবকদেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। একটি শিশু যখন পুতুল নিয়ে খেলে, নিজের মতো করে গল্প বানায় কিংবা পুতুলের সঙ্গে কথা বলে, তখন সে শুধু সময় কাটায় না। তার ভাষা, কল্পনা ও চিন্তারও চর্চা হয়।
শিল্প ও শিক্ষাকে কাছাকাছি আনতে হবে
ফাইন আর্টসের শিক্ষার্থী এবং পাপেটিয়ার হিসেবে আমি মনে করি, শিল্পকে শিক্ষার বাইরে রাখার সুযোগ নেই। মুস্তাফা মনোয়ার স্যারের এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টার, ঢাকা পাপেট থিয়েটার, সিসিমপুর, গুফি ওয়ার্ল্ড এবং ইনভেন্টর’স পাপেটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় শিশুদের সঙ্গে পাপেটের সম্পর্ক দেখার সুযোগ হয়েছে। এসব কাজ করতে গিয়ে বুঝেছি, শিশুরা শুধু পাপেট দেখে আনন্দ পায় না, তারা চরিত্রগুলোর সঙ্গে নিজেদের মিল খুঁজে পায়, প্রশ্ন করে এবং গল্পের পরিণতি নিয়ে ভাবতে শুরু করে।
আমরা প্রায়ই শিশুদের ভালো ফল করার কথা বলি। কিন্তু তারা কতটা কৌতূহলী হচ্ছে, নিজের ভাবনা কতটা প্রকাশ করতে পারছে কিংবা নতুন কিছু তৈরি করার সুযোগ পাচ্ছে কি না, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন।
আমি চাই, শিশুরা পাপেট দেখে শুধু হাসবে না; তারা প্রশ্ন করবে, গল্পের চরিত্রের সঙ্গে কথা বলবে, নিজেরাও গল্প তৈরি করবে। কারণ একটি পাপেটের মুখ দিয়ে বলা কথা শিশুর কাছে অনেক সময় উপদেশ মনে হয় না, মনে হয় তার কোনো বন্ধু কথা বলছে।
শিশুরা সেই বন্ধুর কাছ থেকেই হয়তো শিখবে হাত ধোয়ার প্রয়োজনীয়তা, বন্ধুর পাশে দাঁড়ানোর গুরুত্ব কিংবা প্রকৃতিকে ভালো রাখার কথা। আমাদের শিক্ষাব্যবস্থায় এমন শেখার সুযোগ আরও বাড়ুক। পাপেট্রিকে সেই চেষ্টার একটি অংশ হিসেবেই দেখতে চাই।
লেখক: পাপেটিয়ার, প্রতিষ্ঠাতা ও পরিচালক, ইনভেন্টর’স পাপেট