সন্তান জন্মের পর করোনা আক্রান্ত নারীর মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২৩ বছর বয়সী সানজিদা নামে এক নারীর মৃত্যু হয়েছে। বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত সানজিদা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রামের বাসিন্দা ছিলেন।
একই সময়ে ৩৭৫টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২৬ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৬৫ শতাংশ।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।
.png)
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, করোনায় মারা যাওয়ার আগে সানজিদা রোববার ভোর ৪টার দিকে ছেলে সন্তানের জন্ম দেন। পরে ঐদিনই সকাল পৌনে ৯টার দিকে তিনি মারা যান। এর আগে অচেতন অবস্থায় শনিবার রাত ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা।
তিনি আরও জানান, করোনা ছাড়াও সানজিদা এক্লাম্পসিয়াতেও (গর্ভবতী নারীরদের খিঁচুনি) আক্রান্ত ছিলেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮০১ জনে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯৩ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৫৫ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৭ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমাম মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৩, মোহাম্মদ আলী হাসপাতালে ৪০, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ চিকিৎসাধীন।
জেলা স্বাস্থ্য বিভাগের গতকালের (রোববার) বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩৪৩টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৩৬ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৬৫ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে ৪৬ বছর বয়সী সেলিনা নামে এক নারীর মৃত্যু হয়। তিনি বগুড়া কাহালু উপজেলার বাসিন্দা ছিলেন।