করোনায় টানা ১৫ দিন মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ৪
দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে টানা ১৫ দিন দেশে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। এর আগে গত ২০ এপ্রিল সবশেষ দেশে করোনায় একজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ২৫৭ জন করোনা রোগী।
.png)
সবশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ১৮ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬০ শতাংশ।
এর আগে বুধবার (৪ মে) দেশে করোনায় আক্রান্ত হন ১০ জন। এ ছাড়া কেউ মারা যাননি।
এদিকে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৫২ লাখ ২৬ হাজার ৮৪০ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৬৯ হাজার ২৯৪ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ৬১৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।