মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯৫ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ৪১-৫০ এবং অন্যজনের ৬১-৭০ বছরের মধ্যে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৫ জনে। এছাড়া নতুনসহ দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৯২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ৮৮২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৭৬৫টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৭৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সাত দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।
এদিকে দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৫১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৫৮৮ জন।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২০২০ সালের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর হয়।