‘ফণি’ পরবর্তী ব্যবস্থায় প্রস্তুত ৩২টি নৌ-জাহাজ
খুলনায় ঘূর্ণিঝড় ফণি পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌ অঞ্চলে ৩২টি জাহাজ উপকূলীয় এলাকায় ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তার জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। পাশাপাশি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুরসহ উপকূলীয় এলাকাগুলোতে মোতায়েনের জন্য নৌ কন্টিনজেন্ট প্রস্তুত রাখা হয়েছে।
দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য নৌ জাহাজ মেঘনা বরিশালে, বানৌজা তিস্তা ঝালকাঠিতে, এলসিটি-১০৪ বরগুনায় ও এলসিভিপি-০১১ পটুয়াখালীতে নিয়োজিত থাকবে। এসব জাহাজ দুই হাজার পরিবারের তিন দিনের শুকনো খাবার বহন করছে।
জাহাজগুলোতে প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি লবণ, ২ কেজি চিড়া, ২ কেজি মুড়ি, ১ কেজি গুড়, প্যাকেট বিস্কুট, মোমবাতি, পলিথিন ব্যাগ, ম্যাচ বাক্স, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও জীবন রক্ষাকারী ওষুধ রয়েছে।
দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা সহায়তার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা, জীবন রক্ষাকারী ওষুধ ও খাবার স্যালাইন বিতরণের কাজে নিয়োজিত থাকবে।
ডেইলি বাংলাদেশ/জেডএম