নিহতরা হলেন নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউপির গৌরনগর গ্রামের আবুল খায়েরের ছেলে আমির হোসেন, তার অন্তঃসত্ত্বা স্ত্রী খালেদা আক্তার এবং তাদের দুই সন্তান উনিয়া ও আশরাফুল।
নিহত আমির হোসেনের ভাই জামাল হোসেন জানান, আমির হোসেন পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। স্ত্রী-সন্তানদের নিয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানার মৌলভীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। গত ১৯ অক্টোবর রাতে ঘুমানোর পর হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন ধরে যায়। এতে তারা চারজনই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে আমির হোসেন, রাত ১১টার দিকে উনিয়া এবং দিবাগত রাত ২টার দিকে খালেদা মারা যান।
.png)
নিহতদের মধ্যে আশরাফুলের মরদেহ চট্টগ্রামেই দাফন করা হয়েছে। বাকি তিনজনের মরদেহ গৌরনগর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।