ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

থানায় আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ২৭ মার্চ ২০২০
থানায় আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার
আমতলী থানার ওসি আবুল বাশার

বরগুনার আমতলী থানায় সন্দেহভাজন এক আসামির মৃত্যুর ঘটনায় ওসি মো. আবুল বাশারকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকেলে পুলিশ সদরদফতরের এক আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

শানু হাওলাদারের ছেলে সাকিব হোসেন জানান, ২০১৯ সালের ৩ নভেম্বরের একটি হত্যা মামলায় সোমবার রাতে সহেন্দভাজন হিসেবে আটক হন শানু হাওলাদার। ওই রাতে ওসি আবুল বাশার এবং ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি তার পরিবারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় শানু হাওলাদারকে থানায় রেখে নির্যাতন করেন তারা। মঙ্গলবার ওসিকে ১০ হাজার টাকা দেন সাকিব। আরো ঘুষ পেতে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন ওসি।

সাকিব আরো জানান, বুধবার শানু হাওলাদারের সঙ্গে দেখা করতে গেলে অশ্লীল আচরণ করে পরিবারের লোকজনকে তাড়িয়ে দেন ওসি আবুল বাশার। বৃহস্পতিবার সকালে ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শানু হাওলাদারের মরদেহ পাওয়া যায়।

Advertisement

ওই ঘটনায় আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি, ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করেন বরগুনার এসপি মারুফ হোসেন।

এসপি জানান, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের মাধ্যমে পাওয়া পুলিশ সদরদফতরের এক আদেশে আমতলী থানার ওসি মো. আবুল বাশারকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা পুলিশের তদন্ত কমিটির প্রধান এডিশনাল এসপি (প্রশাসন ও অপরাধ) মো. তোফায়েল আহম্মেদ বলেন, থানায় আসামির মৃত্যুর মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে। অল্প দিনেই তদন্ত শেষ হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!