গির্জায় আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, ফাদার গ্রেফতার
রাজশাহীর তানোরে গির্জায় এক কিশোরীকে তিনদিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফাদার প্রদীপ গ্রেগরিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর আমচত্বর সংলগ্ন বিশপ হাউজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, ওই রাতেই তানোর থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়। র্যাব-৫ এর রাজশাহী সিপিসির কমান্ডার এটিএম মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ধর্ষণের খবর পেয়েই পলাতক ফাদারকে গ্রেফতারে অভিযান শুরু হয়। রাতে তাকে বিশপ হাউজ থেকে গ্রেফতার করে তানোর থানায় সোপর্দ করা হয়।
.png)
ধর্ষণের শিকার কিশোরীর পরিবার জানায়, ওই কিশোরী শনিবার সকালে গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন তানোর থানায় জিডি করা হয়। সোমবার দুপুরে গির্জার ফাদার প্রদীপের ঘরে ওই কিশোরী বন্দি আছে এমন তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্য এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে। এরপর সন্ধ্যায় গির্জার ভেতরেই সালিস বৈঠক বসে। সেখানে দোষ প্রমাণিত হওয়ায় ফাদার প্রদীপকে অপসারণ করে রাজশাহীতে নিয়ে আসা হয়। আর ভুক্তভোগী ওই কিশোরীকে গির্জার ভেতরে সিস্টারদের কাছে আটকে রেখেছিলেন গির্জার প্রধান ফাদার প্যাট্রিক গমেজ ও সালিস বৈঠকের প্রধান কামেল মার্ডি। পরিবারের সদস্যরা নিখোঁজের জিডি প্রত্যাহার করলে তাকে ছাড়া হবে বলেও জানান তারা।
এ ঘটনায় মঙ্গলবার ওই কিশোরীর পরিবার বিষয়টি থানায় জানালে ওসি রাকিবুল হাসান ও ইউএনও সুশান্ত কুমার মাহাতো গির্জা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন।
তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, শারীরিক পরীক্ষার জন্য ওই কিশোরীকে বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার ফাদার প্রদীপকে আদালতে পাঠানো হয়েছে।