সুনামগঞ্জে মেয়েকে ধর্ষণ-বাবাকে মারধর: রিমান্ডে ৬ আসামি
সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়েকে ধর্ষণ ও অপহরণের প্রতিবাদ করায় বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় ছয় আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পালের আদালতে আসামিদের হাজির করা হয়। শুনানি শেষে প্রধান আসামি শামীমের সাতদিন এবং অপর পাঁচজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ জানান, আদালতে শামীমের ১০ দিনের এবং অন্য আসামি লিটন মিয়া, আকাই মিয়া, ইলিয়াছ মিয়া, আলম মিয়া ও কাজলের পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করে।
৫ অক্টোবর রাত ১ টায় জগন্নাথপুর উপজেলার গোতগাঁও গ্রামের বখাটে শামীমসহ কয়েকজন আলীগঞ্জ বাজারের কলোনিতে গিয়ে মেয়ের খোঁজ করে। মেয়েকে না পেয়ে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে ধরে নিয়ে লোহার রড দিয়ে পেটায় আসামিরা।
ভুক্তভোগী বাবা অভিযোগ করে জানান, তার মেয়েকে ধর্ষণ করেছে শামীম। এ ঘটনায় ৬ অক্টোবর জগন্নাথপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী মেয়ে। এরপর এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।