ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ব্রাহ্মণবাড়িয়ায় এবার হাসপাতাল ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর করেছে স্বজনরা। সোমবার রাতে পৌর শহরের কুমারশীল মোড়ের নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে এ ঘটনা ঘটে।
রোগীর স্বজনরা জানান, তিনদিন আগে পৌর এলাকার দক্ষিণ পৈরতলার জাকির হোসেনের স্ত্রী মাকসুদা আক্তার ঠাণ্ডা-জ্বর নিয়ে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ভর্তি হন। সেখানে ডা. সৈয়দা মাসুমা কাউসারের তত্ত্বাবধানে ছিলেন তিনি। রোববার কিছুটা সুস্থ বোধ করায় মাকসুদাকে রিলিজ দেন চিকিৎসক। তবে রক্তশূন্যতা থাকায় রোগীকে রক্ত দিতে বলেন ডা. মাসুমা। সোমবার রাতে রক্ত দেয়া অবস্থায় মৃত্যু হয় মাকসুদার।

.png)
মাকসুদা আক্তারে মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতাল ঘেরাও করে কর্মচারী-নার্সদের ওপর চড়াও হয় স্বজনরা। ওই সময় তারা চিকিৎসকের কক্ষ, কেবিনের দরজা, অফিস কক্ষসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। হাসপাতালের নার্স ও চিকিৎসকরা পালিয়ে গিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মৃত মাকসুদার মেয়ে সাথী আক্তার বলেন, ভুল চিকিৎসার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আব্দুর রহিম বলেন, ঘটনার পরপর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।